শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির (এসএমইউসিটি) সামার সেমিস্টার-২২ এর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জুলাই) রাজধানীর উত্তরায় পলওয়েল কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন-শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. আহসানুল কবীর, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানসহ বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শামসুন নাহারের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক।
মোস্তাফিজুল হক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্বের অংশিদার তোমরাই। তোমাদের শিক্ষাগত যোগ্যতা ও মানবীয় গুণাবলীর ওপর দেশের উন্নয়ন-অগ্রগতি যেমন নির্ভরশীল, তেমনি এর সঙ্গে তোমাদের বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির সঙ্গেও জড়িত।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড দল চিরকুট। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কালচারাল ফোরাম ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষপর্যায়ে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
