বাঘায় হত্যার পর মুখ পোড়ানো নারীর লাশ উদ্ধার

আপডেট : ১১ জুন ২০১৯, ০৮:১৬

রাজশাহীর বাঘা উপজেলায় মুখ পুড়িয়ে চেহারা বিকৃত করা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বাউসা ইউনিয়নের হেজাতিপাড়া গ্রামের একটি ভুট্টাখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। মুখ পুড়ে যাওয়ায় তাৎক্ষণিক লাশের পরিচয় নিশ্চিত করা যায়নি।

 

পুলিশ বলছে, ধর্ষণের পর প্রায় ৪৫ বছরের ওই নারীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুস্কৃতকারীরা অন্য কোথাও হত্যা করে লাশ এনে ভুট্টা খেতে ফেলে গেছে। ইতোমধ্যেই লাশে পচনও ধরেছে। হয়তো দুদিন আগে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে বলেও ধারণা পুলিশের।

 

বাঘা থানার ওসি মহসিন আলী জানান, বাউসা হেজাতিপাড়া গ্রামের মো. লালু নামের একজন কৃষকের ভুট্টা খেতে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়েছেন।

 

ওসি আরো বলেন, তার কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। হত্যার পরে ওই নারীর পরিচয় আড়াল করার জন্য কোনো দাহ্য পদার্থ দিয়ে মুখ পুড়িয়ে দেয়া হয়েছে। তবে তার পরনে কমলা রঙের শাড়ি, সবুজ রঙের ব্লাউজ ও মাথার নিচে কালো রঙের বোরখা ছিল, তা ভালো আছে। তাতে কোনো দাগও নেই।

 

সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশটি ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় না পেলে পুলিশ বাদী হত্যা মামলা হবে বলেও জানান ওসি।

 

ইত্তেফাক/এএম