প্রবল বর্ষণে বিপর্যস্ত পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ। গত ২৪ ঘণ্টায় প্রবল বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় প্রদেশটির একই পরিবারের ৯ জনকে ভেসে নিয়ে গেছে। অঞ্চলটির দূর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের মধ্যে সাতজন শিশু ও একজন নারী আছে। পিডিএমএর রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বন্যা ও ছাদ ধসে অন্তত ১০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৭ জন।
খবরে বলা হয়েছে, গত ৩৬ ঘণ্টায় প্রায় ১০০ ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বহু এলাকার বাসিন্দারা কোমর পর্যন্ত পানিতে আটকা পরে আছে।
বেলুচিস্তানের চিফ সেক্রেটারি আব্দুল আজিজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, প্রদেশটিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেইসঙ্গে সেখানকার লোকদের অপ্রয়োজনীয় ভ্রমন থেকে বিরত থাকতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, জুনের ১ তারিখ থেকে এখন পর্যন্ত বন্যায় ১২৪ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া প্রায় ১০ হাজার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভয়াবহ বন্যায় আনুমানিক ৫৬৫ কিলোমিটার রাস্তা ও এক লাখ ৯৭ হাজার ৯৩০ একর কৃষিজমি নষ্ট হয়েছে। এছাড়া বন্যায় ৭১২ গৃহপালিত পশুও মারা গেছে।
