পাবনার সুজানগরের হাটবাজারে কাঁচা মরিচের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত এক সপ্তাহের ব্যবধানে উপজেলার হাটবাজারে মরিচের দাম দুই দফা বৃদ্ধি পেয়েছে। এতে নিম্ন এবং মধ্য আয়ের মানুষের পক্ষে কাঁচা মরিচ কেনা অসম্ভব হয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, এক সপ্তাহ আগেও সুজানগর পৌর বাজারসহ উপজেলার অধিকাংশ হাট-বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ১২০-১৩০ টাকা দরে বিক্রি হয়েছে। কিন্তু বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ ১৫০-১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
পৌরসভার মানিকদীর গ্রামের ভ্যানচালক আব্দুল লতিফ জানান, পৌরবাজারে কাঁচামরিচ কিনতে গিয়ে দাম বেশি হওয়ায় কিনতে পারেনি। পরে বিকল্প হিসেবে শুকনো মরিচ কিনেছি।
উপজেলার মানিকহাট গ্রামের আব্দুল বাতেন বলেন, হাটবাজারে কাঁচামরিচের যথেষ্ট আমদানি রয়েছে। কিন্তু তারপরও ব্যবসায়ীরা অধিক মুনাফার আশায় মাত্রাতিরিক্ত দামে মরিচ বিক্রি করছেন।
তবে সবজি ব্যবসায়ীরা জানান, বাজারে কাঁচামরিচের আমদানি কম হওয়ায় দাম বেড়েছে। আমদানি বৃদ্ধি পেলে দাম কমে যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী বলেন, কোনো ব্যবসায়ী বাজারে কাঁচামরিচের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ালে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।
