ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মিকোলাইভ শহরে ব্যাপক রুশ হামলায় দেশটির সবচেয়ে ধনী এক ব্যবসায়ী এবং তার স্ত্রী নিহত হয়েছেন। ইউক্রেনের গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ওলেক্সি ভাদাটুরস্কি এবং তার স্ত্রী রাইসা এক ক্ষেপনাস্ত্র হামলায় নিহত হন। গত রাতে এটি তাদের বাড়িতে আঘাত হেনেছিল।
মিস্টার ভাদাটুরস্কি ছিলেন নিবুলন নামের একটি কোম্পানির মালিক, যেটি ইউক্রেন থেকে খাদ্যশস্য রফতানি করতো।
মিকোলাইভ শহরে রুশরা খুবই ব্যাপক রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে জানা গেছে। শহরের মেয়র ওলেকসান্দার সেনকেয়েভিচ বলেছেন, পাঁচ মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর এই শহরে সম্ভবত এটাই সবচেয়ে তীব্র রুশ আক্রমণ।
শনিবার রাতে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পরিত্যক্ত এক স্কুলের প্রাঙ্গনে আঘাত হানে এবং এর পর পাশের আবাসিক এলাকার একটি ভবনে আগুন ধরে যায়। দমকল কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।
এছাড়া হামলায় একটি হোটেল, একটি স্পোর্টস কমপ্লেক্স, দুটি সার্ভিস স্টেশন এবং বাড়িঘরের ক্ষতি হয়েছে। শহরের মেয়র আলেক্সান্ডাার সেনকেয়েভিচ জানান, উদ্ধার কর্মীরা সেখানে এখন কাজ করছে।
মিকোলাইভের অবস্থান ইউক্রেনের প্রধান সমূদ্রবন্দর ওডেসায় যাওয়ার পথে, এবং সেজন্যে এই শহরের নিয়ন্ত্রণকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। রাশিয়া এর আগেও এখানে বার বার হামলা চালিয়েছিল। বিবিসি
