ইউক্রেন বাহিনীর জন্য আরও ৫৫০ মিলিয়ন ডলারের নতুন অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২ অগাস্ট) আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই প্যাকেজ সহায়তার মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ রকেট লঞ্চার ও আর্টিলারি বন্দুকগুলোর জন্য গোলাবারুদ। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, ৫৫০ মিলিয়ন ডলারের এই প্যাকেজের মধ্যে মার্কিন তৈরি হিমার্সের জন্য গোলাবারুদও আছে।
পেন্টাগনের এক বক্তব্য থেকে জানা যায়, এই সহায়তার মধ্যে ৭৫ হাজার রাউেন্ডর ১৫৫ মি.মি. আর্টিলারি গোলাবারুদ রয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৬০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনে নানা অস্ত্রপাতি দিয়ে সাহায্য করে আসছে। যার মধ্যে ভারী ভারী অস্ত্রও আছে। এসব অস্ত্র ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে।
