খুলনায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১৪:৩২

খুলনায় ট্রাকের ধাক্কায় স্বরুপ কুমার দাস (৪২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বুধবার (৩ আগস্ট) নগরীর আড়ংঘাটা থানাধীন শহীদের মোড়ে এ ঘটনা ঘটে। নিহত বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতগা এলাকার হরিদাস কুমার দাসের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্বরুপ কুমার বাইপাস সড়ক দিয়ে গিলাতলার দিকে যাচ্ছিল। পিছন দিক থেকে আসা দ্রুতগামী মাল বোঝাই ট্রাক (যশোর ট- ১১- ৪৪৩৪১০) নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরবর্তীতে এলাকাবাসী তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বলেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর ৬টা ৪০ মিনিটের দিকে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি মোটরসাইকেলযোগে ঝিনাইদেহ যাচ্ছিলেন। সেখানে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। প্রতিদিন তিনি খুব ভোরে বাগেরহাট থেকে ঝিনাইদহ গিয়ে অফিস করেন।

তিনি আরও জানান, ট্রাকটি স্থানীয় জনগণ আটক করতে পারলেও চালক ও হেলপারকে আটক করতে পারেনি। নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/এমআর