আড়াইহাজার উপজেলায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত পরিচয় এক জন নিহত হয়েছে।
গতকাল বুধবার ভোরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈইলারকান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। আড়াইহাজার পল্লী বিদ্যুতের ডিজিএম আসাদুজ্জামান জানান, সকালে স্থানীয়রা বৈইলারকান্দি গ্রামে ভূঁইয়া বাড়ির রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির ওপর অজ্ঞাত পরিচয় এক জনকে ঝুলে থাকতে দেখে। এ ঘটনায় আশপাশের উৎসুক জনতা ভিড় জমায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে বৈদ্যুতিক খুঁটি থেকে মৃতদেহ নামিয়ে আনে। পল্লী বিদ্যুৎ সমিতি আরো জানায়, একটি চক্র বিভিন্ন স্থানে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করছে। নিহত ব্যক্তিও ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। নিহত ব্যক্তির পরিচয় গতকাল পর্যন্ত জানা যায়নি। তবে ঐ ব্যক্তির সঙ্গে একটি মোবাইল ফোন, একটি প্লায়ার ও একটি স্ক্রু ড্রাইভার পাওয়া যায়। লাশের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
