সিঙ্গাপুর যাবেন সোহান

আপডেট : ০৫ আগস্ট ২০২২, ০৮:৪২

ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফরের মধ্যপথে দেশে ফিরতে হয়েছে নুরুল হাসান সোহানকে। সুস্থ হতে তিন সপ্তাহ সময় লাগবে প্রাথমিকভাবে সেটাই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু এর মধ্যেই ডালপালা দিয়ে উঠছে নতুন শঙ্কা। এশিয়া কাপ খেলতে পারবেন তো সোহান?

সোহান বা বিসিবি এখনো নিশ্চিত করে কিছু বলতে পারেননি। উন্নত চিকিৎসার জন্য ২৭ বছর বয়সি উইকেটরক্ষককে সিঙ্গাপুরে পাঠাবে বিসিবি। প্রথমে ইংল্যান্ডে পাঠানোর ভাবনা থাকলেও পরে সেই ভাবনা থেকে সরে আসে বোর্ড। এখানে সিঙ্গাপুরে গেলেই সোহান জানতে পারবেন আঙুলে অস্ত্রোপচার লাগবে কি না। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বললেন, ‘আমরা ইংল্যান্ডের চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। আরো কয়েক জনের সঙ্গে আলোচনা করেছি। কেউ অস্ত্রোপচারের পক্ষে, আবার কেউ না। এজন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সিঙ্গাপুর যাচ্ছি।’

ছুরি, কাঁচির নিচে যাওয়া লাগবে না, তেমন আশা নিয়েই সোহান বলেন, ‘ইনশাল্লাহ সিঙ্গাপুর যাব। এখনো ভিসা প্রসেসিংয়ের দিকে তাকিয়ে থাকতে হবে। অস্ত্রোপচার না-ও লাগতে পারে, আশা করি এশিয়া কাপের আগে ঠিক হব।’

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচে হাসান মাহমুদের একটি ডেলিভারি গ্লাভসবন্দি করতে গিয়ে আঙুলে ব্যথা পান সোহান। তখনই সফর শেষ হয়ে যায় বাংলাদেশ অধিনায়কের। শেষ ম্যাচ ও ওয়ানডে খেলার পরিবর্তে ফিরতে হয় দেশে।

ইত্তেফাক/এসজেড