বগুড়ায় পাটক্ষেত থেকে কৃষকের লাশ উদ্ধার

আপডেট : ১১ জুন ২০১৯, ২০:৪৫

বগুড়া সদরের কদিমপাড়া এলাকার একটি পাটক্ষেত থেকে খলিলুর রহমান (৫৫) নামে এক দরিদ্র কৃষকের লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। মঙ্গলবার দুপুরে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বগুড়া সদরের শাখারিয়া গোপালবাড়ি গ্রামের মৃত রমজান আলীর পুত্র। পুলিশের ধারনা, তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , নিহত খলিলুর এলাকার একজন দরিদ্র কৃষক। কৃষি কাজের জন্য তিনি সম্প্রতি এলাকার একজন দাদন ব্যবসায়ীর নিকট থেকে সুদে ২০হাজার টাকা নেন। পরিবর্তিতে অর্ধেকের বেশি টাকা পরিশোধের পরও দাদন ব্যবসায়ী সূদে-আসলে অতিরিক্ত আরও ২০ হাজার টাকা দাবি করে তাকে চাপ দিয়ে যাচ্ছিল। এই টাকা দিতে ব্যার্থ হয়ে ক্ষুব্ধ হয় দাদন ব্যবসায়ী তাকে দেখে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। 

এলাকাবাসীরা জানায়, সোমবার রাতে খলিল স্থানীয় একটি বাজারে বসে চা খাচ্ছিল। এ সময় প্রতিবেশীরা তাকে বাড়িতে যেতে বললে সে জানায়, রাজ্জাকের সঙ্গে একটু কাজ আছে। পরে সে নিখোঁজ হয়। রাতে সে বাড়ি না ফেরায় সম্ভাব্য সকল স্থানে তার খোঁজ করে তার পরিজনেরা।

আরও পড়ুন:  মাধবপুরে বন্যায় ভেঙে পড়েছে গ্রামীণ যোগাযোগ ব্যাবস্থা

এদিকে মঙ্গলবার সকালে স্থানীয় একটি ক্ষেতের মধ্য খলিলুর রহমানের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে দুপুরে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে পুলিশ। ঘটনার পর থেকে এলাকার ওই দাদন ব্যবসায়ী পলাতক রয়েছে।

এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি (তদন্ত) রেজাউল করিম জানান, 'তার গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়না তদন্ত রির্পোট পাওয়া গেলে বিস্তরিত নিশ্চিত হওয়া যাবে।' 

ইত্তেফাক/জেডএইচডি