জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) একমাত্র মেডিক্যাল সেন্টারের ভবনে ফাটল দেখা দিয়েছে। এই নিয়ে আতঙ্কে আছেন চিকিত্সক, নার্স ও চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীরা।
এ বিষয়ে মেডিক্যাল সেন্টারের জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা ডা. এম এম আশরাফ উদ্দিন তালুকদার বলেন, আমাদের বসার রুমগুলোতে এ রকম ফাটলের কারণে আমরা প্রতিনিয়তই আতঙ্কে থাকি। যেকোনো সময় তা ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়াও ওপর থেকে সারাক্ষণ ছাদ চুইয়ে পানি পড়ায় চিকিৎসা সরঞ্জামাদি নষ্ট হচ্ছে। প্রশাসনের কাছে চাওয়া, দ্রুতই যেন এ সমস্যার সমাধান করা হয়।
২০১৭-১৮ সেশনের লোকপ্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগের শিক্ষার্থী সাজেদুল ইসলাম বলেন, দ্রুত এই বিপজ্জনক সমস্যা সমাধান করে স্বাস্থ্যসেবার উন্নতি করা হোক।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. তপন কুমার সরকার বলেন, মেডিক্যাল সেন্টারের ফাটলগুলো আমি দেখেছি, সত্যি এটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার আগেই যাতে এ সমস্যা সমাধান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক জোবায়ের হোসেন জানান, ভবনের ফাটলগুলো মূলত ওপরের আবরণের ফাটল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর চিকিত্সাকেন্দ্রটি পরিদর্শন করেছেন এবং দ্রুত সমাধান করা হবে।
