সাভারে ভুল চিকিৎসায় গর্ভবতীর মৃত্যুর অভিযোগ

আপডেট : ১১ জুন ২০১৯, ২১:০১

সাভারে ভুল চিকিৎসায় এক গর্ভবতীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। হাসপাতালটির বিপনন কর্মী সামসুন্নাহারকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে সাভার থানা স্ট্যান্ড এলাকায় অবস্থিত পলাশ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক হাসপাতালে ওই নারীর মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত নারীর নাম তানিয়া খাতুন (২০)। তার স্বামী আজিজুল হাকিমের সঙ্গে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকার সাত্তারের বাড়িতে ভাড়া তাকতেন তিনি। স্থানীয় একটি তৈরী পোশাক কারখানায় কাজ করতেন।

আটক সামসুন্নাহার মাদারিপুর জেলার সদর থানার পাঁচখোলা গ্রামের গোলাম হোসেনের স্ত্রী। সে বেসরকারী এনজিও ব্র্যাকের স্বাস্থ্যকর্মী হিসেবে চাকরির পাশাপাশি পলাশ হাসপাতালে রোগী সরবরাহ করতো।

পলাশ হাসপাতালের সিনিয়র নার্স মোসাঃ রুবি খানম বলেন, ‘সোমবার দুপুরে তানিয়া নামে একজন গর্ভবতী নারী প্রসব ব্যাথা নিয়ে হাসপাতালে আসেন। এ সময় আমরা তার ফিটনেস ও যাবতীয় পরিক্ষা শেষে অপারেশন থিয়েটারে পাঠাই। সেখানে হাসপাতালের মালিক ডাঃ সৈয়দ মোকাররম হোসেন পলাশের উপস্থিতিতে এ্যানেস্থেশিয়া চিকিৎসক টিটু তাকে অজ্ঞান করার জন্য ইনজেকশন পুশ করেন। এরপর থেকেই ধীরে ধীরে রোগীর অবস্থা খারাপ হতে থাকে।’

নিহতের স্বামী আজিজুল হাকিম অভিযোগ করে বলেন, ‘সুস্থ অবস্থায় আমার স্ত্রীকে সিজারের জন্য পলাশ হাসপাতালে নিয়ে যাই। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ আমার অনুপস্থিতিতেই তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। এক পর্যায়ে আমার স্ত্রী নিস্তেজ হয়ে পড়লে হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে আমাদের ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়। কিন্তু ঢাকা মেডিকেলে আনার পর দায়িত্বরত চিকিৎসকরা তানিয়াকে মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে হাসপাতালের মালিক ডাঃ সৈয়দ মোকাররম হোসেন পলাশ সাংবাদিকদের বলেন, ‘গর্ভবতী নারীর সিজারের জন্য আমরা অপারেশন থিয়েটারে নিয়ে যাই। এ সময় তাকে এ্যানেস্থেশিয়া দেওয়া হলে তার অবস্থার অবনতি ঘটে। এ সময় আমাদের সামর্থ অনুযায়ী চেষ্টার পর প্রয়োজনীয় সাপোর্ট দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করি।’
 
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমজাদুল হক বলেন, ‘গর্ভবতী নারীর মৃত্যুর খবরটি শুনেছি। এ ঘটনায় রোগীর স্বজনেরা লিখিত অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন: রাঙ্গাবালীতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ঢাকা মেট্রোপলিটন এলাকার শাহাবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, ‘গর্ভবতী মায়ের মৃত্যুর ঘটনায় তার পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে সামসুন্নাহার নামে পলাশ হাসপাতালের এক নারী কর্মীকে আটক করা হয়েছে। পরে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’

ইত্তেফাক/নূহু