জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কৃষক দলের ডাকা বিক্ষোভ মিছিল করার সময় বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এক পুলিশ অফিসার সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ।
প্রত্যক্ষ দর্শীরা জানান, রবিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির ডাকে বিক্ষোভ মিছিল চলাকালে শিবগঞ্জ পৌরসভা মার্কেটের সামনে পুলিশ বাধা দিলে উভয় সংঘর্ষ বাধে। এ সময় বাজারে আতংক ছড়িয়ে পড়ে এবং লোকজন বাজার থেকে এদিকওদিক ছুটাছুটি করতে থাকে।
তারা আরও জানায়, এ সময় পুলিশ সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বিএনপির নেতাকর্মীদের অনুরোধ জানালে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে দুটি মোটরসাইকেল ও ইসলামী ব্যাংকের তিনটি জানালা ভাঙচুর করে একটি অটোরিকশা উল্টে দেয় বিএনপি নেতাকর্মীরা। পরে বাড়তি পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে।সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ইটের আঘাতে
শিবগঞ্জ থানার এস আই আনাম আলি আহত হয়। পরে তাকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অন্যদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, বিএনপির সভানেত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহ্জাহান আলি সহ আরো কয়েকজন আহত হয়েছে। তাদের শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়।

