সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে কারও মৃত্যু হয়নি। সব মিলিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৫৬ জনে দাঁড়ালো।
মঙ্গলবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, সোমবার ৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৫০ জনই ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ জন।
বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা সর্বমোট ৩৫৬ জনের মধ্যে ২৮০ জনই ঢাকার বিভিন্নহাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে রয়েছেন সর্বমোট ৭৬ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (৯ আগস্ট) পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৩ হাজার ৩১৬ জন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ৭৮৬ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৫৩০ জন।
সর্বমোট ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ৯৪৫ জন।
