নানা রঙে রঙিন রোদসী

আপডেট : ১০ আগস্ট ২০২২, ০৩:০৬

এ সময়ে যে কয়েকজন তরুণ অভিনেত্রী দর্শকমনে সাড়া ফেলেছেন তাদের মধ্যে অন্যতম রোদসী সিদ্দিকা। ক্যারিয়ার শুরু হয়েছিল বিজ্ঞাপনচিত্রে মডেলিং করে। মাঝে টিকটক করে ভাইরাল হয়েছিলেন তিনি। কাজ করেছেন ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্মে। হালে ব্যস্ত টেলিভিশন নাটকে। মডেলিং, টিকটক, ওটিটি, টেলিভিশন—সব মাধ্যমে তার সরব উপস্থিতি জানান দেয়—নানা রঙে রঙিন রোদসী।

তবে, এখন অভিনয়েই ব্যস্ত এ সুন্দরী। পুবাইলে একটি খণ্ড নাটকের শুটিং সেরে কথা বলতে গিয়ে তাই জানালেন তিনি। রোদসী বলেন, ‘আমি অভিনয়ে পূর্ণ মনোযোগ দিতে চাই। অনেক নাটকের প্রস্তাব আসছে। আমার পছন্দ গল্পনির্ভর কাজ। চেষ্টা করছি সে ধরনের কাজ করতে।’

অভিনেত্রী রোদসী সিদ্দিকা।

সম্প্রতি রোদসী আলোচনায় এসেছেন জাহিদ প্রীতম পরিচালিত ‘ভালোবাসার কারাগার’ নাটকে অভিনয় করে। এ নাটকে তার বিপরীতে ছিলেন তৌসিফ মাহবুব। কাজটি নিয়ে রোদসী তৃপ্ত। তিনি জানান, সম্প্রতি আমার তিনটি কাজ প্রচার হয়েছে। একটি তানিম রহমান অংশু পরিচালিত ওয়েব সিরিজ ‘তীরন্দাজ’, শাহরিয়ার সজিব ও মমিন বিশ্বাস পরিচালিত ওয়েব সিরিজ ‘বিএনজি’ এবং জাহিদ প্রীতমের ‘ভালোবাসার কারাগার’।‘বিএনজি’ ট্রেন্ডি গল্পের সিরিজ। বঙ্গ প্ল্যাটফর্মে প্রচার হয়েছে। এটি নিয়ে স্বাভাবিকভাবেই দর্শকের সাড়া মিলেছে। তবে সবচেয়ে বেশি প্রতিক্রিয়া মিলেছে ‘ভালোবাসার কারাগার’র জন্য।

অভিনেত্রী রোদসী সিদ্দিকা।

দর্শকের ভালোবাসা প্রত্যাশার চাপ হয়ে পড়ছে না তো? জানতে চাইলে রোদসীর সহাস্য উত্তর, ‘একদম না। তাদের ভালোবাসা বরং ভালো কাজের অনুপ্রেরণা জোগায়। দর্শকের ভালোবাসা ধরে রাখার জন্য কাজের প্রতি দায়িত্ব বেড়ে যায়।’

রোদসীর অভিনয় ক্যারিয়ারের বয়স বেশি নয়। তানিম রহমান অংশু পরিচালিত ‘কিয়েক্টা অবস্থা’ ওয়েব ফিকশন দিয়ে যার শুরু। এরপর কাজ করেছেন শাফায়েত মনসুর রানার ‘মাথা নষ্ট’ ফিকশনে। কাজ করেছেন ইরফান সাজ্জাদ, মিশু সাব্বির, খায়রুল বাসার, জিয়াউল হক পলাশ প্রমুখের বিপরীতে। স্বল্প সময়ের ক্যারিয়ারে জুটি গড়ে ওঠেনি কারও সঙ্গে। রোদসী এ প্রসঙ্গে বলেন, ‘আমি এক নাগাড়ে কারও সাথে কাজ করিনি। চরিত্র অনুযায়ী সহশিল্পী পেয়েছি। আমিও জুটির চেয়ে গল্প যেভাবে চায় সেভাবে নিজেকে তুলে ধরতে ইচ্ছুক। পরিচালকরাও আমাকে দিয়ে সেভাবে কাজ করাচ্ছেন।’

অভিনেত্রী রোদসী সিদ্দিকা।

ওয়েব প্ল্যাটফর্ম ও নাটকে অভিনয়ের পর সিনেমায় আসার ব্যাপারে কী ভাবছেন? প্রশ্ন ছুঁড়তেই কিছুটা সময় ভাবলেন রোদসী। তারপর বললেন, ‘আমি সিনেমা করব। তবে অভিনয়ের জায়গা থাকতে হবে। চরিত্রের গুরুত্ব যদি থাকে তাহলে সিনেমা করতে আপত্তি নেই।’

ইত্তেফাক/ইআ