সিরাজগঞ্জে স্কুলছাত্রী হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৬:০০

সিরাজগঞ্জের বেলকুচিতে স্কুলছাত্রী হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। বুধবার (১০ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা নাজির এ আদেশ দেন।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম সঞ্জয় চন্দ্র সরকার (২২)। সে জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের শোলাকুড়া গ্রামের মৃত মংলা চন্দ্র সরকারের ছেলে।

আদালত।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার শোলাকুড়া গ্রামের শ্রী পবিত্র সরকারের মেয়ে পূজা সরকার শোলাকুড়া মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে লেখাপড়া করতো। স্কুলে যাওয়া আসার সময় প্রতিবেশী শ্রী সঞ্চয় চন্দ্র সরকার প্রায়ই প্রেমের প্রস্তাব দিতো। এছাড়া পূজা সরকারকে বিভিন্ন সময় বিরক্ত করতো। পূজা সরকার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সঞ্জয় সরকার ক্ষিপ্ত হয়। ২০২১ সালের ৩ মে পূজা সরকার বাড়িতে রান্না করছিলো। সঞ্জয় পূর্ব পরিকল্পনা মোতাবেক ধারালো ছুরি নিয়ে পূজার বাড়িতে গিয়ে এলোপাথাড়িভাবে তার শরীরে বিভিন্ন অংশে উপর্যুপরি আঘাত করতে থাকে। পরে পূজা সরকারের মৃত্যু নিশ্চিত করে দৌড়ে পালিয়ে যায় সঞ্জয়।

পরে পূজা সরকারের বাবা শ্রী পবিত্র সরকার বাদী হয়ে বেলকুচি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরে পুলিশ শ্রী সঞ্জয় চন্দ্র সরকারকে গ্রেফতার করে। পরে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সাক্ষ্য গ্রহণে অভিযোগ প্রমাণিত হওয়ায় দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় প্রদান করেন।

ইত্তেফাক/এএএম