বাংলাদেশ থেকে ২০৩০ সালে ম্যালেরিয়া নির্মূল হয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি আরও বলেন, আমি মনে করি, তার আগেই সেটা সম্ভব।
বুধবার (১০ আগস্ট) রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বর্তমানে দেশে ম্যালেরিয়ার ওষুধ ও টিকার কোনো ঘাটতি নেই জানিয়ে জাহিদ মালেক বলেন, দেশে সংক্রামক রোগ অনেক কমেছে। পোলিও, টিটেনাস, কালাজ্বর মুক্ত হয়েছে দেশ। সংক্রামক রোগ ২০৩০ সালের মধ্যে নির্মূল করতে হবে। এর মধ্যে ম্যালেরিয়া অন্যতম। ২০১৪ সালে ম্যালেরিয়া আক্রান্ত ছিল প্রায় ১৪ হাজার। সেই সংখ্যা এখন কমে নেমেছে ৬/৭ হাজারে। ৬৪ জেলার মধ্যে এখন ৫১টি জেলা ম্যালেরিয়ামুক্ত। ২০৩০ সালের মধ্যে দেশ থেকে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য রয়েছে। আমি আশা করি, তার আগেই দেশ থেকে ম্যালেরিয়া নির্মূল হবে।
জাহিদ মালেক বলেন, আমাদের মনে রাখতে হবে, ডেঙ্গুও বাড়ছে। আমাদের ডেঙ্গুর দিকে খেয়াল রাখতে হবে। প্রায় ১০০ জন করে রোজ ভর্তি হয়। বেশ কিছু লোকের মৃত্যুও হয়েছে। এসবই মশা বাহিত রোগ। কাজে মশা নিয়ন্ত্রণ করাটাও একটা বড় বিষয়। এখন পৃথিবী কোনো দেশই আইসোলেটেড না। এক দেশে যদি একটি অসুখ দেখা দেয়, সেটা পুরো পৃথিবীতে ছড়িয়ে যেতে সময় লাগে না। করোনার ২ মাসের মধ্যে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। স্মল পক্স যখন ইউরোপ থেকে শুরু হলো, তখন শত বছর লেগেছে পুরো পৃথিবীতে ছড়াতে। তখনকার সময় আর এখনকার সময় এক না।
