পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৯:০০

কক্সবাজার সদর উপজেলার  ঘোনারপাড়া তেইনাকাটা এলাকায় সংরক্ষিত বনভূমির পাহাড় কাটার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে কক্সবাজার পরিবেশ আদালত। আগামী ২৫  আগস্টের মধ্যে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপ-পরিচালককে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
 
বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে কক্সবাজার পরিবেশ আদালতের স্পেশাল ম্যাজিষ্ট্রেট  মোহাম্মদ এহছানুল ইসলাম স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। 

এবিষয়ে কক্সবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান ইলাহী নুরী বলেন, ৮ আগস্ট একটি জাতীয় দৈনিকে পাহাড় কাটা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনটি বিচারকের নজরে আসে। ওই প্রতিবেদনের উপর ভিত্তি করেই স্বপ্রণোদিত আদেশটি দিয়েছেন বিচারক। 

সিজিএম আদালতের প্রশাসনিক কর্মকর্তা আরও বলেন,  প্রতিবেদনে মাটি কেটে বিক্রি করা হচ্ছে তার সচিত্র প্রমাণ থাকলেও কে বা কারা বিক্রি করছে সেই বিষয়টি নেই। এটিকে গুরুত্ব দিয়ে প্রাথমিক অনুসন্ধানের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ, ঘটনাস্থলের খসড়া মানচিত্র প্রস্তুত, পাহাড়ের কি পরিমাণ মাটি কাটা হয়েছে, তা নিরুপন করার নির্দেশনাও দিয়েছে আদালত। 

প্রশাসনিক কর্মকর্তা আরও বলেন, এটির পরবর্তী তারিখ ২৫ আগস্ট। এরমধ্যে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপ পরিচালককে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা রয়েছে।

উল্লেখ্য, এর আগে একই আদালতের কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আশিফ স্বপ্রণোদিতভাবে  গেল মাসের ২৮ জুলাই উখিয়ার বন খেকোদের তালিকা করার আদেশ দেন। সেই আদেশ নিয়ে কাজ করছে কক্সবাজার দক্ষিণ বনবিভাগ। 

ইত্তেফাক/এএইচপি