রিটেইল চেইনশপ স্বপ্ন’তে চাকরি দেওয়ার নামে ভুয়া বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণার করার অভিযোগে চার প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম। গ্রেফতারকৃতরা হলেন আরিফ মিয়া (২২), হুমায়ুন কবির হিমু (২৪), ফাহিম (২৪) ও বাপন সাহা (৫২)। গত শনিবার ও সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও ভুয়া নিয়োগের বেশ কিছু কাগজ জব্দ করা হয়।
স্বপ্ন’র মানব সম্পদ বিভাগের প্রধান কর্মকর্তা খুরশীদ ইমবিসাত চৌধুরী জানান, ডিএমপি’র সাইবার ক্রাইম প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপের নেতৃত্বে পুলিশের একটি টিম গত শনিবার ডেমরার সারুলিয়ার ঈদগাঁও রোডে সুপারটেক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ট্রেডিং সার্ভিসেস নামে একটি প্রতিষ্ঠান থেকে আরিফ মিয়াকে আটক করে। তার দেওয়া তথ্য নিয়ে পরদিন ওই প্রতিষ্ঠান থেকে হুমায়ুন কবির হিমুকে আটক করে। তাদেরকে পুলিশ গ্রেফতার দেখায়।
পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তরার ১০ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের ১৫ নম্বর বাড়ির জনবল ট্রেনিং অ্যান্ড সার্ভিসেস নামের প্রতিষ্ঠান থেকে ফাহিম ও বাপন সাহাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে হুমায়ুন কবির হিমু সুপারটেক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ট্রেডিং সার্ভিসেস নামের প্রতিষ্ঠানের মালিক।
ফাহিম জনবল ট্রেনিং অ্যান্ড সার্ভিসেস নামের প্রতিষ্ঠানের মালিক। এরা চাকরি দেওয়ার নাম করে ভুয়া প্রতিষ্ঠান খুলে সাধারণ চাকরি প্রত্যাশীদের প্রতারণা করেন। স্বপ্ন’র লোগো ব্যবহার করে অনলাইন ও অফলাইনে বিভিন্ন গ্রুপে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করেছে।
