আজও কর্মবিরতিতে ঢামেকের ইন্টার্ন চিকিৎসকরা

আপডেট : ১২ আগস্ট ২০২২, ১২:২৯

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক সাজ্জাদ হোসেনের ওপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত কোনো অপরাধী শনাক্ত না হওয়ায় আজও কর্মবিরতি পালন করছেন ঢামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

শুক্রবার (১২ আগস্ট) ঢামেকে দেখা যায়, রোগীর চাপ ছিল অন্যান্য দিনের মতোই। ভর্তি থাকা রোগীও ছিল উল্লেখযোগ্য সংখ্যায়। তবে ছিলেন না ইন্টার্ন চিকিৎসকদের কেউই। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) ঢামেক শাখার সভাপতি ডা. মো. মহিউদ্দিন জিলানী কর্মবিরতির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে আমাদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ছিল। বৃহস্পতিবার দুপুর ১২টায় তা শেষ হয়েছে। এর আগ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কাউকে শনাক্ত ও বিচারের আওতায় আনতে না পারায় আমরা কর্মবিরতি পালন করছি।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক সাজ্জাদ হোসেনের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে গতকাল (বৃহস্পতিবার) দুপুর ১২টা থেকে তারা কর্মবিরতি শুরু করেন।

ইত্তেফাক/কেকে