আওয়ামী লীগ রাজপথে সব সময় পরাজিত হয়েছে: মির্জা ফখরুল

আপডেট : ১২ আগস্ট ২০২২, ১৭:৪২

‘বিএনপিকে রাজপথে মোকাবিলা করা হবে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, তারা সব সময় পুরোনো বক্তব্যই দিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ রাজপথে সব সময় পরাজিত হয়েছে। আগামীতেও জনগণের আন্দোলনে পরাজিত হবে তারা।

শুক্রবার (১২ আগস্ট) রাজধানীর বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে মানুষের দুর্ভোগ তত বাড়বে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের দুর্নীতি আকাশচুম্বী। সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে।

এ সময় উপস্থিতি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, উত্তরের সদস্য সচিব আমিনুল হক, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

 

ইত্তেফাক/এনএ/এমএএম