মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ প্রবাসী কর্মীদের রেমিট্যান্স যোদ্ধা উল্লেখ করে বৈশ্বিক অর্থনৈতিক এই দুরবস্থায় দেশে বৈধ পথে রেমিটেন্স প্রেরণ করে অর্থনৈতিক ভিত মজবুত করার জন্য আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার বাংলাদেশ হাইকমিশনে ‘মালদ্বীপ হতে বৈধ পথে রেমিটেন্স প্রেরণে প্রবাসী বাংলাদেশীদের উদ্বুদ্ধকরণ’ সংক্রান্ত এক সভায় তিনি প্রবাসীদের প্রতি এই অনুরোধ করেন। সভায় প্রবাসীদের উপস্থাপিত বিভিন্ন প্রস্তাব ও সমস্যার সমাধানে হাইকমিশন আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন হাইকমিশনের প্রথম সচিব মো. সোহেল পারভেজ। সভায় ন্যাশনাল ব্যাংক মানি এক্সচেঞ্জের প্রধান নির্বাহী মাসুদুর রহমানত, ইসলামী ব্যাংকের প্রতিনিধি মাসুম বিল্লাহ, প্রবাসী চিকিৎসক মোক্তার আলী লস্কর ও ব্যবসায়ী আহমেদ মোত্তাকী হুন্ডি পরিহার করে বৈধ পথে রেমিটেন্স দেশে পাঠানোর জন্য অনুরোধ করেন। বৈধ পথে রেমিট্যান্স পাঠানোয় কোনো সমস্যায় পড়লে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়।
বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার জন্য একযোগে কাজ করার অনুরোধ জানান। কেউ রেমিট্যান্স পাঠাতে সমস্যায় পড়লে, তার সঙ্গে সরাসরি যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
