কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়কের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত সড়কের পিচ উঠে গর্তে পরিণত হয়েছে। সঠিক সময়ে, নিরাপদে মানুষ নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারছে না, জনদুর্ভোগ যেন চরমে।
জানা যায় যে, ২০১৯ সালে কক্সবাজার লিংকরোড থেকে শুরু করে টেকনাফের হোয়াইক্যং উনচিপ্রাং পর্যন্ত ৫০ কিলোমিটার সড়কের সংস্কার কাজ হলেও উনচিপ্রাং থেকে টেকনাফ পযর্ন্ত আরও ৩১ কিলোমিটার কাজ হয়নি। কক্সবাজার-টেকনাফ হাইওয়ে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়ক। এই সড়কে দিয়ে টেকনাফ স্থল বন্দরের মালবাহী গাড়িসহ প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গাড়ি চলাচল করছে।
আব্দুস সালাম নামে একজন মিনিবাস চালক জানান, তিনি প্রতিদিন এই সড়ক দিয়ে যাত্রী নিয়ে কক্সবাজার থেকে টেকনাফে আসা-যাওয়া করেন। লিংকরোড থেকে উনচিপ্রাং পযর্ন্ত সঠিক সময় পৌঁছাতে পারলেও উনচিপ্রাং থেকে টেকনাফ যাওয়া ঝুঁকিপুর্ণ হয়ে গেছে। কারণ, উনচিপ্রাং থেকে টেকনাফ পযর্ন্ত সড়কের পিচ উঠে গর্ত হয়ে গেছে।
টেকনাফ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফজলুল কবির বলেন, ‘কক্সবাজার-টেকনাফ হাইওয়ে জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ একটি সড়ক। টেকনাফ একটি পযর্টন এলাকা। এই উপজেলায় দেশি-বিদেশি পযর্টকরা ভ্রমণে আসেন। উনচিপ্রাং থেকে টেকনাফ পযর্ন্ত সড়কে বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। অতিদ্রুত সড়কটি সংস্কার করা জরুরি।’
কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহে আরীফিন বলেন, ‘কক্সবাজার-টেকনাফ হাইওয়ের সংস্কার কাজ লিংকরোড থেকে উনচিপ্রাং পর্যন্ত ৫০ কিলোমিটার ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। উনচিপ্রাং থেকে টেকনাফ পর্যন্ত বাকি আরও ৩১ কিলোমিটারের কাজের টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। টেন্ডার হলে দ্রুত কাজ শুরু করা হবে।’
