স্বাধীনতার 'হীরক জয়ন্তী'তে এসে পাকিস্তানের রাজনৈতিক পরিবর্তনের পর দেশটি অশান্তিতে ছড়িয়ে পড়েছে বলে মনে হচ্ছে। অনেকেই ধারণা করছেন স্বাধীনতার ৭৫ বছর পর জিন্নাহর 'বিশ্বাস, ঐক্য ও নিয়মানুবর্তিতা'-এর মূলমন্ত্রে উদ্ভাসিত হওয়ার পরিবর্তে পাকিস্তান 'সঙ্কটের ব্র্যান্ড' হয়ে উঠছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই।
পাকিস্তানের ৭৫তম স্বাধীনতা দিবস আজ। আর এই দিনেই পাকিস্তানের সরকারের প্রতি অসহিষ্ণুতা ও অসন্তুষ্টি প্রকাশ করেছে দেশটির জনগণ, রাজনৈতিক কর্মী এবং বিরোধীদল গুলো। পাশাপাশি এই দিনটিকে দেশটির 'কালো দিন' হিসেবে আখ্যা দিয়েছে তারা।
নিরাপত্তা বাহিনীর ওপর বিন্দুমাত্র আস্থা রাখতে পারছেনা দেশটির সাধারণ জনগণ।
বেশ কিছুদিন ধরেই পাকিস্তানে সরকার বিরোধী আন্দোলন চলছে। এই দিনকে ঘিরে ভিন্ন ভিন্ন প্রতিবাদ কর্মসূচী নিয়েছে দেশটির দ্যা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ, তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান(টিএলপি) সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল।
এদিন লাহোরের একটি বিশাল জনসভায় বক্তব্য রাখেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে তিনি জয়শঙ্করের বক্তব্যের একটি ভিডিও দেখান। রাশিয়া থেকে তেল কেনার জন্য মার্কিনি চাপ প্রতিহত করতে হয়েছে ভারতকে। এই বিষয়টি উল্লেখ করে তিনি ভারতের প্রশংসা করেন।
তিনি বলেন, ভারত ও পাকিস্তান একই সঙ্গে স্বাধীনতা পেয়েছিল। কিন্তু নয়াদিল্লি দেশের সাধারণ মানুষের স্বার্থে বিদেশনীতি তৈরি করে। দৃঢ় অবস্থান নিতে পারে। এরপরেই তিনি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নাম না করে সমালোচনা করেন। তিনি বলেন, দেশের সাধারণ মানুষের স্বার্থে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী কোনও দৃঢ় অবস্থান নিতে পারে না।
শেহবাজ শরিফের সমালোচনা করে বলেন, আমেরিকার মিত্র শক্তি হওয়ার পরেও নয়াদিল্লি মার্কিন চাপে মাথা নত করেনি। কিন্তু পাকিস্তান মাথা নত করেছে। রাশিয়ার থেকে তেল কেনার জন্য মার্কিন চাপে পড়তে হয় পাকিস্তানকেও। ভয়ে পাকিস্তান নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে।
