যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে (হকৃবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) সকাল ৯টায় হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ-এ অবস্থিত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত। শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।
পুষ্পস্তবক অর্পণের সময় হবিগঞ্জ জেলায় কর্মরত ও বসবাসরত বিভিন্ন কৃষিবিদরা উপস্থিত ছিলেন। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়ে প্রথমবারের মত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে’।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ-এ অবস্থিত অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু হয়েছে দেশের এই নতুন কৃষি বিশ্ববিদ্যালয়ের। বিশ্ববিদ্যালয়টির ১ম উপাচার্য হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের লাইভস্টোক প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল বাসেত নিযুক্ত হয়েছেন।
