ত্রিশালে বিনামূল্যে চিকিৎসা সেবা

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১১:২২

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাদামিয়া ফকিরবাড়ীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। 

গত শুক্রবার (১২ আগস্ট) মরহুম তৈয়ব উদ্দিন বিএসসির ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তৈয়ব উদ্দিন মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়। রোগী দেখেন সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগের কনসালট্যান্ট ডা. মো. শাহীনুল ইসলাম, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের কনসালটেন্ট ডা. রেবেকা সুলতানা, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিটের রেজিস্ট্রার ডা. এস এম আজহারুল ইসলাম। এছাড়া মেডিসিন, চর্ম ও যৌন, গাইনি ও প্রসুতি রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখেন। 

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ১৫০০ জন রোগীকে চিকিৎসেবা দেন এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। ফ্রি মেডিক্যাল ক্যাম্পের সার্বিক দায়িত্ব পালন করেন প্রকৌশলী মোহাম্মদ শরিফুল ইসলাম। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে গ্রামের সাধারণ মানুষ উচ্ছ্বসিত ও আনন্দিত।

ইত্তেফাক/কেকে