হামলা নিয়ে 'চিন্তিত' রুশদির প্রাক্তন স্ত্রী পদ্মা লক্ষ্মী

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১৪:২৩

কেমন আছেন লেখক সলমন রুশদি? এক টুইট বার্তায় আপডেট দিলেন লেখকের প্রাক্তন স্ত্রী তথা টিভি ব্যক্তিত্ব পদ্মা লক্ষ্মী। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন এই দুই জন।

প্রাক্তন স্বামীকে নিয়ে পদ্মা টুইট করে লেখেন, ‘স্বস্তি পেলাম। শুক্রবারের দুঃস্বপ্নের পরে সলমন রুশদি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন৷ ঘটনার পর উদ্বিগ্ন এবং বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। অবশেষে নিঃশ্বাস ছাড়তে পারছি। এখন তার দ্রুত আরোগ্যের কামনা করছি।’

ভারতীয়-আমেরিকান লেখক, টিভি হোস্ট এবং মডেল পদ্মা লক্ষ্মী। ২০০৪ থেকে ২০০৭ এর মধ্যে রুশদির সাথে বিয়ে হয়েছিল। লক্ষ্মী জনপ্রিয় শো ‘টপ শেফ’-এর হোস্টও ছিলেন।

এদিকে গত ১৩ অগস্টই ভেন্টিলেশন থেকে বের করা হয় সলমনকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জ্ঞ্যান ফিরে আসার পর রুশদি খানিকটা কথা বলেছেন। ভারতীয় বংশোদ্ভূত এই লেখকের শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়ে তার এজেন্ট এর আগে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে লেখক একটি চোখ হারাতে পারেন। তবে সেই সম্পর্কে এখনও হাসপাতালের তরফে কিছু জানানো হয়নি। 

সালমান রুশদি ও তার প্রাক্তন স্ত্রী পদ্মা লক্ষ্মী

জানা গিয়েছে, সালমনের ঘাড়ে ছুরিকাঘাত করা হয়েছিল। এই আবহে কয়েক ঘন্টা অস্ত্রোপচারের পর রুশদিকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় ভেন্টিলেশন থেকে বের করে নেওয়া হয় তাকে।

রিপোর্ট অনুযায়ী, পশ্চিম নিউ ইয়র্কের একটি কাউন্টিতে ভাষণ দেওয়ার কথা ছিল রুশদির। পরিচিতি দেওয়ার সময় এক ব্যক্তি মঞ্চে উঠে পড়েন। এরপরই লেখককে ঘুষি মেরে তাকে ছুরি দিয়ে কোপানো হতে থাকে। রিপোর্ট অনুযায়ী, মাত্র ২০ সেকেন্ডের মধ্যে ১০ থেকে ১৫ বার সলমনের শরীরের বিভিন্ন অংশে আঘাত করে হামলাকারী। এর জেরে মুখ থেকে শুরু করে সলমনের পেটের বিভিন্ন অংশে ক্ষত রয়েছে।

ইত্তেফাক/এএইচপি