রামগঞ্জে ঝুঁকি নিয়ে নড়বড়ে সাঁকো পারাপার

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১৭:২৭

লক্ষ্মীপুরের রামগঞ্জে নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে খাল পারাপার হতে হয় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রতনপুর গ্রামের হাজারো পরিবারকে। এতে সাঁকো থেকে পড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ভুক্তভোগীরা দ্রুত খালের ওপর পাকা ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড রতনপুর গ্রামের রাস্তার মাথায় নিজেদের উদ্যোগে খালের ওপর বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করছে বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা হরিনাত বনিক জানান, সাঁকো পার হয়ে স্কুলে যাওয়ার সময় বইসহ খালে পড়ে যায় শিশু শিক্ষার্থীরা।

ষাটোর্ধ্ব গীতা রানী দাশ জানান, ‘বাবারে সাঁকো পার হইতে খুব কষ্ট| গত মাসে ডাক্তার দেখাইতে যাওয়ার সময় সাঁকো থেকে খালে পড়ে যাই। সে সময় মাজায় প্রচণ্ড ব্যথা পাই। সেই ব্যথা এহনো সারে নাই।’ 

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দিলিপ দে জানান, খালের ওপর ব্রিজ নির্মাণের জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদন হলেই তা দ্রুত বাস্তবায়ন করা হবে।

স্থানীয় সংসদ ড. আনোয়ার হোসেন খান বলেন, ‘ব্রিজটি পাকাকরণের সুপারিশ পাঠিয়েছি। আশা করছি ব্রিজটি দ্রুত পাকাকরণ করা হবে।’ 

 

ইত্তেফাক/এআই