প্রযোজক অঙ্কুশ!

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ০৯:৫৪

অভিনেতা দেব, জিতের মতো অঙ্কুশও প্রযোজনায় নাম লেখাচ্ছেন! সম্প্রতি নিজের দেওয়া এক পোস্টের মাধ্যমে এমনটাই ইঙ্গিত দিয়েছেন এই অভিনেতা। 

ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছে, ‘অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স’ নামে প্রযোজনা সংস্থার ঘোষণা করতে চলেছেন তিনি। আর সেই ব্যানারেই নাকি ‘মির্জা’ নামের ছবি তৈরি করবেন অঙ্কুশ। যার পরিচালনার দায়িত্বে থাকবেন সুমিত ও সাহিল।

এছাড়া নিজের প্রযোজিত ছবিতে অভিনয়ও করবেন অঙ্কুশ। এতে অ্যাকশন হিরো হিসেবে দেখা যাবে তাকে। সেপ্টেম্বরে ছবির টিজারের শুটিং হতে পারে।

 ২০১০ সালে ‘কেল্লাফতে’ সিনেমার মাধ্যমে টলিউডে নিজের সফর শুরু করেন অঙ্কুশ। তারপর কখনও রোম্যান্স, কখনও অ্যাকশন, কখনও কমেডির বা ড্রামার মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করেছেন। এবার যদি সত্যিই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন তাহলে তা অবশ্যই অভিনেতার অনুরাগীদের কাছে বাড়তি পাওনা হবে।

ইত্তেফাক/এমআর