উত্তরায় গার্ডার পড়ে নিহত ৪ জনের দাফন সম্পন্ন

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৯:০৯

উত্তরায় নির্মাণাধীন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার পড়ে নিহত ৫ জনের মধ্যে ৪ জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টায় জামালপুরের মেলান্দহ ও ইসলামপুরে নিহতদের গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

নিহতদের মধ্যে ঝর্না বেগম, তার ৬ বছরের মেয়ে জান্নাত ও ২ বছরের ছেলে জাকারিয়ার দাফন সম্পন্ন হয় জেলার মেলান্দহ উপজেলায় মাহমুদপুর ইউনিয়নের আগপয়লা গ্রামে। আর ঝর্ণা বেগমের বড় বোন ফাহিমা বেগমের লাশ পার্শ্ববর্তী ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের ঢেংগারগড় গ্রামে জানাজা শেষে দাফন করা হয়। এর আগে নিহতদের লাশ গ্রামের বাড়ি পৌঁছালে স্বজনহারা প্রতিবেশীদের কান্নায় চারপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে।

উল্লেখ্য,গত  সোমবার নিহত ফাহিমার মেয়ে রিয়া মনির বৌভাত অনুষ্ঠান শেষে বর হৃদয়ের বাবা রুবেল মিয়া প্রাইভেটকার চালিয়ে আশুলিয়া খেজুর বাগান এলাকায় ছেলের শ্বশুড়বাড়ি যাচ্ছিলেন। এ সময় প্রাইভেটকারে ছিলেন বর হৃদয়, কনে রিয়া, রিয়ার মা ফাহিমা, রিয়ার খালা ঝর্ণা এবং ঝর্ণার দুই সন্তান জান্নাত ও জাকারিয়া। পথে উত্তরার জসিমউদ্দিন এলাকায় পৌঁছালে (বিআরটি) প্রকল্পের গার্ডার প্রাইভেটকারের উপর পড়ে নবদম্পতি হৃদয় ও রিয়া ছাড়া সবার মৃত্যুবরণ করেন।

ইত্তেফাক/জেডএইচডি