কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতুর পূর্ব প্রান্তে নদীতে গোসল করতে নেমে দশম শ্রেণির শিক্ষার্থী আসাদুজ্জামান শুভ (১৭) নিখোঁজের ৫ ঘণ্টা পর লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ধরলা সেতুর পূর্ব প্রান্তের ঘটনাস্থল থেকে শুভর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত শুভ কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পাটেশ্বরী এলাকার তাজুল ইসলামের ছেলে এবং কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
জানা যায়, স্কুলের ক্লাস শেষে বাড়ি ফেরার পথে দুপুরে শুভ তার দুই বন্ধু জয় ও তরঙ্গ মিলে ধরলা নদীতে গোসল করতে নামে। এসময় সাঁতার কাটতে গিয়ে শুভ পানিতে তলিয়ে যায়। বাকী দুই বন্ধু সাঁতরে পাড়ে উঠতে পারলেও শুভ পানির নীচে চলে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে বিকেলে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালিয়ে সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থল থেকেই শুভর লাশটি উদ্ধার করে ডুবুরি দল।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহারিয়ার জানান, ধরলা নদীতে নিখোঁজের প্রায় ৫ ঘণ্টা পর শুভ নামের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
