ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশগ্রহণকারীদের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ২১:১৫

ঢাকার শেরে বাংলা নগরস্থ প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) পরিচালিত ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২২ এ প্রশিক্ষণার্থী অফিসাররা। বুধবার (১৭ আগস্ট) কোর্সে অংশগ্রহণকারী বিশ্বের ১৭টি দেশের ৩০ জন বিদেশি এবং ৫৮ জন দেশিসহ সর্বমোট ৮৮ জন প্রশিক্ষণার্থী অফিসার মন্ত্রণালয় পরিদর্শন করেন। 

প্রশিক্ষণার্থী অফিসার ছাড়াও এ পরিদর্শনে এনডিসি-র ঊর্ধ্বতন কর্মকর্তাগণও অংশগ্রহণ করেন। এ উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ব্রিফিং প্রদান করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম মো. হাসবিুল আলম উক্ত সভায় সভাপতিত্ব করেন। 
সভায় প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর/সংস্থার কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরিদর্শনকারী কর্মকর্তাগণকে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করা হয়। প্রশিক্ষণার্থী অফিসারগণ আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা ও কর্মকাণ্ডের প্রশংসা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/জেডএইচডি