ডলারে অতিরিক্ত মুনাফা করে বাজার অস্থিতিশীল করায় দেশি–বিদেশি ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৭ আগস্ট) ব্যাংকগুলোর এমডিদের এ চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে এসব ব্যাংকের ট্রেজারিপ্রধানদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ওই ছয়টি ব্যাংক হলো দেশীয় ডাচ্–বাংলা, সাউথ ইস্ট, প্রাইম, দি সিটি, ব্র্যাক ও বিদেশি খাতের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
সিরাজুল ইসলাম বলেন, ‘ছয় ব্যাংকের এমডিকে নোটিশ দেওয়া হয়েছে। কারা দায়ী, তা জানাতে বলা হয়েছে।’
বাংলাদেশ ব্যাংক বলছে, মার্কিন ডলারের বাজার অস্থিতিশীল করে অতিরিক্ত মুনাফা করায় এ ব্যবস্থা নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক পরিদর্শন করে এসব ব্যাংকের ডলার কেনাবেচার তথ্য পর্যালোচনা করে।
