চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সভা করেছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বিক্ষোভ মিছিল ও সভা করেন তারা।
এসময় দুপুর ২টা থেকে ৩৯ মিনিট পর্যন্ত মহাসড়ক বন্ধ থাকায় উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে প্রশাসনের অনুরোধে তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। সংক্ষিপ্ত সভায় শ্রমিক নেতারা বলেন, তাদের দাবি মালিক পক্ষ না মানা পর্যন্ত শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাবেন, বাগানের কাজে যোগ দেবেন না।
জানা যায়, মাধবপুর উপজেলার ৫টি চা বাগানের প্রায় সাড়ে ৪ হাজার শ্রমিক দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ৩০০ টাকায় উন্নীত করার দাবিতে গত ৮ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত ২ ঘণ্টা কর্মবিরতি ও ১২ আগস্ট থেকে পূর্ণ কর্মবিরতি পালন করে সভা-সমাবেশ মিছিল করে আসছে। ১৮ আগস্ট (বৃহস্পতিবার) সুরমা ও তেলিয়াপাড়া চা বাগানের প্রায় ৫ শতাধিক শ্রমিক সভা শেষে বিক্ষোভ মিছিল সহকারে সড়ক অবরোধ করে। এসময় সংক্ষিপ্ত সভায় ভ্যালি সভাপতি রবীন্দ্র গৌড়, তেলিয়াপাড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি খোকন পানতাতী, সরজিত পাষীসহ শ্রমিক নেতারা বক্তব্য রাখেন।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন, মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ, মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক, শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যানসহ নেতারা এসময় উপস্থিত ছিলেন। তারা আন্দোলনরত শ্রমিকদের দাবির বিষয়টি সরকারের উর্ধ্বতন মহলে জানানোর আশ্বাস দিয়ে মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চা বাগানে ফিরে যান। সড়কে পুনরায় যান চলাচল শুরু করে।
