ওপেনিংয়ের সিদ্ধান্ত সাকিবের হাতে

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ০৭:০৩

এশিয়া কাপের দলে দুজন স্বীকৃত ওপেনার আছেন। এনামুল হক বিজয়ের সঙ্গী তরুণ পারভেজ হোসেন ইমন বলেই বিকল্প ওপেনারের আলোচনা উঠেছে জোরেসোরে। এই আলোচনায় মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসানের নাম এসেছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বিষয়টা নিয়ে অবগত।

গতকাল মিরপুর স্টেডিয়ামে বোর্ড সভাপতি বলেছেন, ওপেনার নির্বাচনের ভার অধিনায়ক সাকিব আল হাসানের হাতেই থাকছে। সাকিবই ঠিক করবেন ইমন না একাদশে না থাকলে বিজয়ের সঙ্গে কে ওপেনিংয়ে যাবেন। মুশফিককে ওপেনিংয়ে নামানোর প্রসঙ্গে পাপন বলেছেন, ‘অনেক জায়গায় যেরকম বলা হচ্ছে জিনিসটা আসলে তা না। কথা হচ্ছে আমাদের ওপেনিংয়ে তামিম নেই, লিটন নেই। তাই এখানে একটা বড় গ্যাপ রয়েছে। তো ইমন আসতে পারে, ইমন যদি না আসে কে আসবে? শেখ মেহেদী ঘরোয়াতে ওপেন করতো, মেহেদী হাসান মিরাজও ওপেন করতো। তো অপশন আছে, মুশফিকও আছে। পুরোটাই নির্ভর করবে পরিস্হিতির ওপর।’

প্রতিপক্ষ, কন্ডিশন বিবেচনায় ওপেনার নির্বাচনের পক্ষে পাপন। পাওয়ার প্লের সুবিধা আদায় করতে পারবেন এমন কাউকে ওপেনিংয়ে চান তিনি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত অধিনায়ক সাকিবের ওপরই ছেড়ে দিয়েছেন বিসিবি সভাপতি। গতকাল তিনি বলেন, ‘আসল সিদ্ধান্ত নেবে অধিনায়ক। এখন অধিনায়কও তো ওপেন করতে পারে। যদি সে বলে, আমি ওপেন করব। তখন আমাদের কোনো কিছু কি বলার থাকবে? ও (সাকিব) যদি আত্মবিশ্বাসী থাকে যে, আমি ওপেন করব, তাহলে তো কিছু বলার নাই।’ টি-২০ তে মিডল অর্ডারে মুশফিক সুবিধা করতে পারছেন না। তাই অভিজ্ঞ এ ব্যাটসম্যানকে ওপেনিংয়ে কাজে লাগানোর আলোচনাই বেশি গুরুত্ব পাচ্ছে।

ইত্তেফাক/জেডএইচডি