ভাদ্র মাসের প্রখর রোদ। সূর্যের তাপের তেজ কড়া, গরমও অনেক।
গত কয়েক দিন ধরেই ঢাকায় এই আবহাওয়া বিরাজ করছে। নতুন টি-২০ দলের অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর নিয়ম করেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করছেন সাকিব আল হাসান। তার সঙ্গে মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়, মেহেদী হাসান মিরাজরাও যোগ দিয়েছেন। এশিয়া কাপকে কেন্দ্র করে ক্রিকেটারদের এই প্রস্ত্ততিতে গতকাল দেখা গেল মোহাম্মদ সাইফউদ্দিনকেও।
গতকাল মিরপুরের সেন্টার উইকেটে নেটে ব্যাটিং করছিলেন মুশফিক-বিজয়রা। এমন সময় ভরদুপুরে হঠাত্ করেই স্টেডিয়ামে হাজির হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। খরতাপের মাঝেই মাঠে নামেন তিনি। বোর্ড সভাপতি সেখানেই ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন। পরে অধিনায়ক সাকিবের সঙ্গেও কথা হয় তার।
ক্রিকেটারদের সঙ্গে আলাপের পর সাংবাদিকদের বিসিবি সভাপতি জানিয়েছেন, টি-২০ ফরম্যাটে বাংলাদেশ দলের খেলায় বড়সড় পরিবর্তন দেখা যাবে আসন্ন এশিয়া কাপে। মানসিকতা থেকে শুরু করে সবকিছুতে পরিবর্তন দৃশ্যমান হবে বলে আশা তার।
এশিয়া কাপ থেকেই নতুন কিছু করার পরিকল্পনা করছে বিসিবি। গতকাল পাপন বলেছেন, ‘সামনে এশিয়া কাপ। আমরা টি-২০ তে ভালো দল না। তাই আমরা সম্পূর্ণ টি-২০র ভাবনা হঠাত্ করে বদলে ফেলতে চাই। দেখতে চাচ্ছি নতুন করে শুরু করা যায় কি না। আমরা নতুন কিছু করতে চাই, সেটা যদি এশিয়া কাপ থেকে না শুরু করি, তাহলে বিশ্বকাপে আরো খারাপ হবে। সেজন্য মানসিকতা থেকে শুরু করে সবকিছুতে একটা নতুন চিন্তা করতে চাই।’
এ ফরম্যাটে শেষ ৫ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র একটি। টি-২০ তে ভালো করতে মানসিকতার পরিবর্তনেই গুরুত্ব দিচ্ছেন বিসিবি সভাপতি, ‘সমস্যাটা হচ্ছে মানসিকতা পরিবর্তন করতে হবে। টি-২০র ভাবনা আলাদা থাকতে হবে, যদি আমরা জিততে চাই বা ভালো করতে চাই।’
সাধারণত খুদে ফরম্যাটে ১৫০-১৬০ রানেই আটকে থাকে বাংলাদেশ দল। ভয়, জড়তা ঝেড়ে ফেলে বড় স্কোর গড়ার মানসিকতাই দলের মাঝে দেখতে চায় বিসিবি।
সাকিবের কথায় আত্মবিশ্বাসী পাপন
গতকাল মিরপুরে টি-২০ অধিনায়ক সাকিবের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন বিসিবি সভাপতি। বাঁহাতি এ অলরাউন্ডার এশিয়া কাপকে নিয়ে ইতিবাচক কথাই শুনিয়েছেন পাপনকে। যা আত্মবিশ্বাসী করেছেন বোর্ড সভাপতিকেও।
পাপন বলেছেন, ‘এমনিতে জানতে চাচ্ছিলাম সাকিবের কী মনে হচ্ছে। একটা জিনিস দেখলাম, সাকিব আত্মবিশ্বাসী। ওর তো সব সময় আত্মবিশ্বাস থাকে। এখন ওর এই আত্মবিশ্বাস থাকাটা জরুরি, মানে জিততে পারব।’
পাওয়ার হিটিংয়ের দায়িত্বে সিডন্স
হাল সময়ে টি-২০ ফরম্যাটে ব্যাটসম্যানদের পাওয়ার হিটিং স্কিল থাকা আবশ্যক। এজন্য বিশেষজ্ঞ কোচ নিয়োগ দেওয়ার চিন্তা করছে বিসিবি। তবে এশিয়া কাপে এই দায়িত্ব পালন করতে চান ব্যাটিং কোচ সিডন্স। ইতিমধ্যে মিরপুরে বিজয়-মিরাজদের নিয়ে পাওয়ার হিটিংয়ের কাজও করছেন এই অস্ট্রেলিয়ান।
গতকাল পাপন বলেছেন, ‘এখানে পাওয়ার হিটিংয়ের কোনো বিকল্প নাই। ১৩০-১৪০ করে ম্যাচ জেতা কঠিন। ১৮০-২০০ করতে হবে। কি করা যায় এ নিয়ে সেটা নিয়েই আলোচনা করছিলাম। তখন জেমি (সিডন্স) এসে বলল যে সে নাকি এটাতে (পাওয়ার হিটিংয়ে) খুবই আগ্রহী।’
