বনাঞ্চলের ভেতরে চোলাই মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদসহ আবুল কালাম (৪০) ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ আগস্ট) রাতে আজগানা ইউনিয়নের আজগানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে গত বুধবার (১০ আগস্ট) তেলিনা মহিষবাথান গ্রামের ওমর মীর (৫০) ও তার সহযোগী আব্দুল করিমকে বিপুল পরিমান চোলাই মদসহ গ্রেফতার করা হয়। এবং ৭৭৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ কুড়িগ্রামের হোসেন আলীও (৩৪) গ্রেফতার হয়।
শনিবার (২০ আগস্ট) মির্জাপুর থানা পুলিশ সূত্র জানায়, ১১ নম্বর আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদের সিকদার জানান, আজগানা মহিষবাথান গ্রামের ওমর আলীর ছেলে আব্দুল করিম, তেলিনা গ্রামের ওমর মীর এবং আজগানা গ্রামের আবুল কালাম ও তার সহযোগীরা দীর্ঘ দিন ধরে এলাকায় চোলাই মদের কারখানায় মদ তৈরি করে মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদ পেয়ে শুক্রবার রাতে মাটি খুড়ে চোলাই মদ তৈরির বিভিন্ন সরঞ্জামসহ কালাম ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়।
এর আগে মির্জাপুর থানার এসআই একরামুল হকসহ কয়েকজন পুলিশ মদ তৈরির কারখানায় হানা দিয়ে মূলহোতা করিম এবং ওমর মীরকে গ্রেফতার করে। এসময় মদ তৈরির বিভিন্ন উপকরণ এবং প্রায় ২১৫ লিটার মদ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ‘বিপুল পরিমাণ চোলাই মদসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের নামে মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে।’
