তিন কেজি ওজনের রাজা ইলিশ

আপডেট : ২১ আগস্ট ২০২২, ০৮:৪৩

ভোলার মনপুরায় মেঘনায় জেলের জালে ধড়া পড়ল তিন কেজি ওজনের রাজা ইলিশ। পরে ঐ রাজা ইলিশটি বিক্রির জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজলের গদি ঘরে (মাছের আড়তে) নিয়ে আসে জেলেরা। এসময় মেঘনায় ইলিশের আকাল চলছে এর মধ্যে এত বড় ইলিশ ধড়া পড়ায় এক নজর রাজা ইলিশটি দেখতে ভিড় জমে যায় উৎসুক জনতার।

শনিবার ভোররাত ৬টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরপিয়াল সংলগ্ন মেঘনায় শফিক মাঝির ইলিশ জালে এই রাজা ইলিশ মাছ ধরা পড়ে। শফিক মাঝির বাড়ি বরিশালে হিজলা উপজেলার দুলখলা ইউনিয়নের আলিগঞ্জ গ্রামে।

পরে ইলিশটি চরপিয়াল অলি চেয়ারম্যানের গদি ঘর (মাছের আড়ত) থেকে দামাদামি করে ৪ হাজার ২০০ টাকায় ক্রয় করেন ইলিশ ব্যাপারী মিজান শেখ। পরে লঞ্চযোগে ঢাকার যাত্রাবাড়ী মৎস্য আড়তে রাজা ইলিশটি বিক্রির জন্য পাঠিয়ে দিয়েছেন বলে জানান তিনি।

শফিক মাঝি জানান, জাল ওঠানোর পর ১২০টি ইলিশ পান। এর মধ্যে একটি বড় সাইজের ইলিশ দেখতে পান। পরে মাছটি আড়তে এনে ওজন দিয়ে দেখেন ৩ কেজি ৫০ গ্রাম। অন্যান্য ইলিশের ওজন ৫শত গ্রাম থেকে এক কেজি বলে জানান তিনি।

এই ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, এত বড় সাইজের ইলিশ পাওয়া যাওয়া ভালো লক্ষণ। সামনে মেঘনায় আকাল থাকবে না, জেলের জালে ইলিশ ধরা পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইত্তেফাক/এমআর