সিল জালিয়াতির অভিযোগে ২ যুবক আটক

আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৩:৫৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের সিল জাল করে ভারতে প্রবেশের অপরাধে ২ যুবককে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

আটককৃতরা হলেন যশোর জেলার কেশবপুর উপজেলার বেগমপুর গ্রামের ধোনাই মোল্লার ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৫) এবং একই জেলার মনিরামপুর উপজেলার খোজালিপুর গ্রামের জমসেদ আলী দফাদারের ছেলে মো. শরিফুল ইসলাম (৩০)।

শনিবার (২০ আগস্ট) সন্ধ্যায় তাদের আটক করা হয়। পরে রাত ১১টার দিকে ইমিগ্রেশন পুলিশ তাদের সিল জালিয়াতির অভিযোগে গ্রেফতার দেখিয়ে আখাউড়া থানায় সোপর্দ করে।

আখাউড়া ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, ২ যুবক বিকালে ইমিগ্রেশন চেকপোস্টের শূন্যরেখায় দুই দেশের ফ্লাগ ডাউন শেষ হওয়ার পর চেকপোস্টের বহির্গমনের গেট পার হয়ে আগরতলা স্থলবন্দরে প্রবেশ করেন। আগরতলা ইমিগ্রেশন পুলিশ পাসপোর্টের সিল দেখে সন্দেহ হওয়ায় তাদের আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে ফেরত পাঠায়। এসময় তাদের পাসপোর্টে দেওয়া আখাউড়া ইমিগ্রেশনের সিলটি জাল থাকায় ইমিগ্রেশন পুলিশ জাহাঙ্গীর আলম ও শরিফুল ইসলামকে গ্রেফতার করে।

সূত্র আরও জানায়, ওই দুই যুবক চলতি বছরের ২৬ জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ইন্দোনেশিয়ায় যাওয়ার চেষ্টা করেন। এসময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ সন্দেহভাজন ভ্রমণকারী হিসেবে তাদের পাসপোর্ট অফলোড সিল দিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন। পরে তারা কৌশলে ভারতের ভিসা নিয়ে আখাউড়ার দালাল চক্রের মাধ্যমে ভারতে প্রবেশ করেন। দালাল চক্র পাসপোর্টে সিল ও ভারতে প্রবেশে কাজের কথা বলে ওই দু'জনের কাছে ৩০ হাজার টাকা এবং ২০০ ডলার দাবি করেন। তাদের কথামতো দালাল চক্রকে টাকা ও ডলার পরিশোধ করেন তারা।

আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ স্বপন চন্দ্র দাস জানান, গ্রেফতারকৃত দুই যুবক আখাউড়া ইমিগ্রেশনের সিল জাল করে ভারতে প্রবেশ করে। পাসপোর্টের সিল দেখে আগরতলা ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হওয়ায় তাদের ফেরত পাঠিয়ে দেয়। পরে যাচাই বাছাই করে সিলটি জাল বলে নিশ্চিত হওয়া যায়। তাদের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতি আইনে মামলা দিয়ে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আখাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকার বলেন, ‘একটি প্রতারক চক্রের মাধ্যমে দুই যুবক তাদের পাসপোর্টে আখাউড়া ইমিগ্রেশন পুলিশের সিল নকল করে আইনশৃঙ্খলা বাহিনীর অগোচরে ভারতের আগরতলা ইমিগ্রেশন চলে যায়। পরে আখাউড়া ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে পাসপোর্ট জালিয়াতিসহ জাল জালিয়াতি ধারায় মামলা দিয়ে থানায় সোপর্দ করেছে। যে প্রতারক চক্র তাদের এখানে এনেছে, পুলিশ তাদের শনাক্ত করার জন্য অনুসন্ধান করছে। এ চক্রের হোতাদের আটকে অভিযান চলছে।’

ইত্তেফাক/মাহি