ক্রিমিয়ায় নতুন বিস্ফোরণ ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ১২ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। এই ঘটনার পর শনিবার (২০ আগস্ট) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনীয়দের তাদের স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতির সময় আগামী সপ্তাহে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
জেলেনস্কি তার রাতের ভিডিও ভাষণে বলেছিলেন, ইউক্রেনীয়রা সোভিয়েত শাসন থেকে স্বাধীনতার ৩১ তম বার্ষিকী উপলক্ষে মস্কোকে তাদের মধ্যে 'হতাশা ও ভয় ছড়াতে' অনুমতি দেবে না। তাদের সকলকে অবশ্যই সচেতন থাকতে হবে। এই সপ্তাহে রাশিয়া বিশেষভাবে কুৎসিত কিছু করার চেষ্টা করতে পারে।
জেলেনস্কি ২৪ আগস্ট বার্ষিকীর আগে একথা বলেছেন। যা ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু হওয়ার ছয় মাসও চিহ্নিত করে।
জেলেনস্কি তার ভাষণে ক্রিমিয়ায় সাম্প্রতিক দিনগুলিতে ধারাবাহিক বিস্ফোরণের কথাও উল্লেখ করেছেন। ২০১৪ সালে একটি আগ্রাসনের সময় ইউক্রেনের ভূখণ্ড রাশিয়া দখল করে নেয় ও সংযুক্ত করে।
জেলেনস্কি আরও বলেছেন, ক্রিমিয়া দখল কেবল অস্থায়ী ও অঞ্চলটি শিগগির ইউক্রেনে ফিরে আসবে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১৭৯ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।
