দেশের মানুষের অন্তরে তার স্মৃতি অম্লান: নিপুণ

আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৬:০২

পাঁচ বছর আগে আজকের দিনেই (২১ আগস্ট) সবাইকে কাঁদিয়ে চলে গেছেন নায়করাজ রাজ্জাক। অভিনয় জগতে তিনি ছিলেন রাজার মতোই। নায়করাজ নেই, তবে দেশের মানুষের অন্তরে তার স্মৃতি অম্লান।

আজকের দিনটিতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন ভক্ত ও সিনেমা অঙ্গনের মানুষেরা। নায়করাজের প্রতি সম্মান জানিয়ে চিত্রনায়িকা নিপুণ তার সঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

তিনি লিখেছেন, রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা ‘স্বাধীনতা পদক’ প্রাপ্ত বরেণ্য অভিনেতা, আমাদের পরম শ্রদ্ধেয় পিতৃপ্রতিম অভিভাবক নায়করাজ রাজ্জাক আংকেলের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। হে কীর্তিমান কালপুরুষ ওপাড়ে ভালো থাকুন পরম প্রভুর চিরশান্তির ছায়াতলে।

প্রসঙ্গত, ‘বেহুলা’ সিনেমায় সুচন্দার বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করে ব্যাপক আলোড়ন তৈরি করেন রাজ্জাক। তারপর একের পর এক সিনেমায় তার অভিনয়ে মুগ্ধ হন এ দেশের সিনেমা দর্শক। রাজ্জাক অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘নীল আকাশের নীচে’, ‘ময়নামতি’, ‘মধু মিলন’, ‘পিচ ঢালা পথ’, ‘যে আগুনে পুড়ি’, ‘জীবন থেকে নেয়া’, ‘কী যে করি’, ‘অবুঝ মন’, ‘রংবাজ’, ‘বেঈমান’, ‘আলোর মিছিল’, ‘অশিক্ষিত’, ‘অনন্ত প্রেম’, ‘বাদী থেকে বেগম’ ইত্যাদি। এছাড়াও প্রায় ৩০০ সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করেছেন রাজ্জাক।

ইত্তেফাক/বিএএফ