‘আমাদের জীবন বদলে গেছে’

আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৬:১৩

বিয়ের পর থেকেই সিনেমার খবরে নেই অভিনেত্রী সোনম কাপুর। তবে মাঝে মাঝেই স্বামী-সংসার নিয়ে খবরের শিরোনামে আসেন তিনি। কিছুদিন আগেই সোনম ঘোষণা দিয়েছিলেন মা হতে যাচ্ছেন তিনি। এবার সেই শুভক্ষণে পৌঁছে গেলেন সোনম-আহুজা দম্পতি।

গতকাল পুত্র সন্তানের মা হয়েছেন এই অভিনেত্রী। কাপুর পরিবারের সদস্য নীতু কাপুর খবরটি নিশ্চিত করেছেন।

সোনম ও তার স্বামী আনন্দ আহুজার দেওয়া যৌথ বিবৃতির ছবি শেয়ার করেছেন নীতু। সেখানে বলা হয়েছে, ‘আজ নতমস্তক ও খোলা হূদয়ে আমরা আমাদের ছেলে সন্তানকে স্বাগত জানিয়েছি। সমস্ত ডাক্তার, নার্স, বন্ধু, পরিবার ও যারা আমাদের সমর্থন দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। এটা শুধু সূচনা, তবে আমরা জানি আমাদের জীবন বদলে গেছে।’

খবরটি প্রকাশ্যে আসার পরই সোনম ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। নবজাতকের জন্য তারা শুভেচ্ছা জানাচ্ছেন। এর আগে গত ২১ মার্চ সন্তান ধারণের সুখবর দিয়েছিলেন সোনম কাপুর। তখন বেবিবাম্পের ছবি শেয়ার দিয়ে অভিনেত্রী বলেছিলেন, ‘চারটে হাত তোমায় বড় করার জন্য, নিজেদের সেরাটা দিয়ে। যারা একসাথে চলবে তোমার প্রতিটা পদক্ষেপে। যারা তোমায় ভালোবাসা দেবে তোমার পাশে থাকবে। তোমাকে স্বাগত জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

ইত্তেফাক/বিএএফ