কাহারোলে কলা চাষ বাড়ছে

আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৬:১৯

দিনাজপুর জেলার কাহারোল উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলাগুলোতে কলা চাষের উপযোগী জমি থাকায় কলার আবাদ দিন দিন বাড়ছে। এখানকার কলা স্থানীয় চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে রাজধানীসহ সারা দেশে। বর্তমানে বাজারে কলার দাম বেশি থাকায় এবং উৎপাদন বেশি হওয়ায় কলা চাষে ঝুঁকছেন কৃষকরা।  

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসমে কাহারোলে ৩২৫ হেক্টর জমিতে কলা চাষ করা হয়েছে। বর্তমানে কৃষকরা অন্যান্য ফসলের পাশাপাশি কলা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

কাহারোল উপজেলার নয়বাদ গ্রামের কলাচাষি অনিল চন্দ্র রায় জানান, তিনি এবার ১ বিঘা জমিতে কলা চাষ করেছেন। দশ মাইল কলার হাটে ১০০ কলার কাঁদি বিক্রি করেছেন ৪৫ হাজার টাকায়।

অপর কলাচাষি জলিল বিক্রি করেছেন প্রতিটি কলার কাঁদি ৩৯০ টাকা করে। ভালো মানের কলার দাম বেশি রয়েছে বলে জানান, ঢাকা থেকে আগত কলা ব্যবসায়ী মো. রইস উদ্দীন তালুকদার।

এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু জাফর মো. সাদেক বলেন, কলা একটি লাভজনক ফসল। কলা চাষের জন্য কৃষকদের সকল প্রকার সহযোগিতা করা হচ্ছে এবং কৃষি বিভাগের পক্ষ থেকে সকল প্রকার পরামর্শ দেওয়া হচ্ছে। 

ইত্তেফাক/এআই