ভারত বাংলাদেশের সব সময়ের বন্ধু : বিক্রম দোরাইস্বামী

আপডেট : ২২ আগস্ট ২০২২, ০৪:০০

বাংলাদেশে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ভারত বাংলাদেশের বন্ধু ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। দুই ঘনিষ্ঠ প্রতিবেশীর এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে সবার আগে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে জনগণই থাকবে। গত শনিবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। মহানগর সর্বজনীন পূজা কমিটি আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বিক্রম দোরাইস্বামী বলেন, গত ৫০ বছরে কখনো কখনো আমাদের অনন্য অংশীদারিত্ব ও বন্ধুত্বের ভুল ব্যাখ্যা করা হয়েছে কিংবা ভুল বোঝা হয়েছে। আমি কিছু বিষয় এ দেশের জনগণের সামনে স্পষ্ট করে বলতে চাই। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা এবং কল্যাণের ভিত্তিতে ভারত-বাংলাদেশ অংশীদারিত্ব গড়ে উঠেছে। দুই দেশের জনগণ উপকৃত হবে—এই উপলব্ধির ভিত্তিতে দুই দেশের প্রতিটি উদ্যোগ অংশীদারিত্বকে গভীর করেছে। সম্ভাব্য সব ধরনের অভিন্নতা ও প্রায় ৪ হাজার ১০০ কিলোমিটার অভিন্ন সীমান্তের ভারত সব সময় বাংলাদেশের বন্ধু ছিল, বন্ধু হিসেবে পাশে আছে ও থাকবে।

হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশ ছাড়া ভারতের বা ভারতকে ছাড়া বাংলাদেশের আলাদাভাবে কোনো অগ্রগতি হতে পারে না। একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, নিরাপদ প্রতিবেশী এবং একে অপরের সঙ্গে যুক্ত উপ-অঞ্চল নিশ্চিত করতে আমাদের পরস্পরকে সহযোগিতা করা প্রয়োজন। সবগুলো দেশে সমান অগ্রগতির বিষয়ে ভারতের অঙ্গীকার রয়েছে। এজন্যই বাংলাদেশের সব মানুষ ও জনগোষ্ঠীকে লক্ষ্য করে ব্যাপকভিত্তিক, জনগণকেন্দ্রিক উন্নয়ন অংশীদারিত্ব প্রতিষ্ঠার জন্য ভারত বিনিয়োগ করেছে।

ইত্তেফাক/ইআ