আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের সিল জাল করে ভারতে প্রবেশের অপরাধে শনিবার সন্ধ্যায় দুই যুবককে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
আটকরা হলো—যশোরের কেশবপুর উপজেলার বেগমপুর গ্রামের ধোনাই মোল্লার ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৫) এবং একই জেলার মনিরামপুর উপজেলার খোজালিপুর গ্রামের জমসেদ আলী দফাদারের ছেলে মো. শরিফুল ইসলাম (৩০)। পরে রাত ১১টার দিকে ইমিগ্রেশন পুলিশ তাদের সিল জালিয়াতির অভিযোগে গ্রেফতার দেখিয়ে আখাউড়া থানায় সোপর্দ করে।
আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ স্বপন চন্দ্র দাস জানান, গ্রেফতারকৃত দুই যুবক আখাউড়া ইমিগ্রেশনের সিল জাল করে ভারতে প্রবেশ করে। পাসপোর্টের সিল দেখে আগরতলা ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হওয়ায় তাদের ফেরত পাঠিয়ে দেয়। পরে যাচাই-বাছাই করে সিলটি জাল বলে নিশ্চিত হই। তাদের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতি আইনে মামলা দিয়ে আখাউড়া থানায় হস্তান্তর করেছি।
আখাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকার বলেন, একটি প্রতারক চক্রের মাধ্যমে দুই যুবক তাদের পাসপোর্টে আখাউড়া ইমিগ্রেশন পুলিশের সিল নকল করে আইনশৃঙ্খলা বাহিনীর অগোচরে ভারতের আগরতলা ইমিগ্রেশন চলে যায়। পরে আখাউড়া ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে পাসপোর্ট জালিয়াতিসহ জাল জালিয়াতি ধারায় মামলা দিয়ে থানায় সোপর্দ করেছে।
