বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারকে ঘর উপহার 

আপডেট : ২২ আগস্ট ২০২২, ১৩:৪৫

সুনামগঞ্জের তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারকে ঘর বানিয়ে দিচ্ছে অস্ট্রেলিয়াস্থ সিডনি বাংলা গ্রুপ। এ উপলক্ষে সোমবার (২২ আগস্ট) সকালে তাহিরপুর প্রেসক্লাবের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে ঘর নির্মাণ সামগ্রী এবং নগদ অর্থ ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবীর।

এসময় উপজেলা প্রকল্প কর্মকর্তা কাজী মাসুদুর রহমান প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ, সাধারণ সম্পাদক আলম সাব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দফতর সম্পাদক রুকন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আহমেদ কবীর,  এস এ আখন্জি, সদস্য আবুল কাসেমসহ স্থানীয় সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। 

ঘর নির্মাণসামগ্রী পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মহাখুশি। ক্ষতিগ্রস্ত অস্টমি বর্মন আবেগপ্লুত হয়ে বলেন, ‘বন্যায় আমার ঘরটি ধসে পড়ে, তারপর থেকে একরকম খোলা আকাশের নিচে ছিলাম। যে প্রবাসী ভাইয়েরা আমার পরিবারকে ঘরে থাকার সুব্যবস্থা করেছেন তাদের প্রণাম জানাই।’ একই অভিব্যক্তি অন্যদেরও।

এদিকে, অস্ট্রেলিয়া প্রবাসী সিডনি বাংলা গ্রুপের অন্যতম সংগঠক আনোয়ার হোসেন ও সুহাশ আবদুল জানান, বন্যাদুর্গতদের পুনর্বাসনে তাদের সংগঠন আরও সহায়তা দেবে। বিশেষ করে শারীরিক প্রতিবন্ধি, বয়স্ক ব্যক্তি এবং আর্থিক অসচ্ছলতার কারণে উচ্চ শিক্ষা থেকে যারা অসুবিধার সম্মুখীন  হচ্ছেন তাদের জন্য তারা বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন।

ইত্তেফাক/মাহি