নেত্রকোনায় সেচ দিয়ে আমন চাষ

আপডেট : ২২ আগস্ট ২০২২, ১৬:৫১

নেত্রকোনা জেলায় প্রচণ্ড খরার কবলে পড়েছে আমন আবাদ। বর্তমানে সেচের মাধ্যমে আমন আবাদ চলছে। ফলে কৃষকদের আমন চাষ করতে খরচ বেশি হচ্ছে। এ ছাড়া পল্লি বিদ্যুতের প্রচণ্ড লোডশেডিংয়ের কারণে সেচ দেওয়াও অনেক সময় সম্ভব হচ্ছে না।

কৃষকরা জানান, খরার কারণে তারা চিন্তিত হয়ে পড়েছেন। সাধারণত শ্রাবণ মাসের মধ্যভাগে জেলায় পর্যাপ্ত বৃষ্টিপাত হয়। কিন্তু গত ১৫ দিন যাবত আকাশে রোদ মেঘের খেলা হলেও বৃষ্টির দেখা নাই। এতে তারা আমন আবাদ নিয়ে আশঙ্কার মধ্যে রয়েছেন। এ ছাড়া ডিজেলের মূল্য বেড়ে যাওয়াতে সেচযন্ত্র চালাতে তাদের অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার নেত্রকোনা জেলায় ১ লাখ ৩২ হাজার ৫৮০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল রবিবার পর্যন্ত আমন আবাদ হয়েছে প্রায় ৮৪ হাজার ২৬ হেক্টর। যা লক্ষ্যমাত্রার প্রায় ৭০ শতাংশ। 

নেত্রকোনার মদনপুরের কৃষক সুজাদুল ফারাস বলেন, বৃষ্টি না হওয়ায় আমন আবাদে সমস্যা হচ্ছে। জমিতে পানি না থাকায় জমি শুকিয়ে যাচ্ছে।

কুমড়ীর কৃষক আব্দুল খালেক বলেন, আমন জমি ফেটে চৌচির হয়ে গেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান বলেন, বৃষ্টি না হলেও আমন আবাদ ভালোভাবেই চলছে। এর মধ্যে বৃষ্টি হলে কৃষকদের সংকট কেটে যাবে। 

ইত্তেফাক/এআই