গত তিন সপ্তাহের ব্যবধানে ফুলবাড়ীতে কেজি প্রতি জিরার দাম বেড়েছে ৮০ টাকা। প্রকারভেদে ৪০০ টাকার জিরা বর্তমানে বিক্রি হচ্ছে ৪৭৫ থেকে ৪৮০ টাকা কেজি দরে।
আমবাড়ী থেকে মসলা কিনতে আসা রুহুল কুদ্দুস বলেন, সহজ যোগাযোগ হওয়ার কারণে নিত্যপণ্য ফুলবাড়ী হাটবাজার থেকে কেনাকাটা করা হয়। পরিবারের প্রয়োজনে বিভিন্ন মসলার সঙ্গে জিরা কিনতে এসে কিছুটা হতবাক হতে হয়েছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে জিরার দামও বেড়ে গেছে। ৩৯০ টাকা কেজির জিরা কিনতে হয়েছে ৪৮০ টাকায়।
হিলি বাজারের মসলা ব্যবসায়ী মো. কামরুজ্জামান শাহ বলেন, ডলারের দাম বৃদ্ধির কারণে সব ধরনের মসলার দাম বেড়ে গেছে। আমদানিকারকদের কাছ থেকেই প্রতি কেজি ৪৭২ থেকে ৪৭৩ টাকা দরে কিনতে হচ্ছে বলেই খুচরা বাজারে একটু বেশি দামে বিক্রি হচ্ছে।
