খালবিলে পানি না থাকায় পাবনার কৃষকরা এবার পাট জাগ নিয়ে ভোগান্তিতে পড়েছিলেন। কিন্তু সব হতাশা-সংকট কাটিয়ে বর্তমানে তারা নতুন পাট ঘরে তুলছে। অন্যদিকে দাম ভালো পাওয়ায় খুশি তারা।
ঈশ্বরদী উপজেলার আথাইলশিমুল গ্রামের আবু বক্কার জানান, এবার দুই বিঘা জমিতে পাট চাষ করেছিলেন। জমিতে সেচ ও জাগের পানি সংকট মোকাবিলা করেও তার জমিতে ১৩ মণ পাট উৎপাদন হয়েছে। শুরুতে তিনি প্রতি মণ বিক্রি করেছিলেন ৩ হাজার ২০০ টাকায়। বাজারে এখন মণপ্রতি পাট বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০-৩ হাজার টাকায়।
সাঁথিয়ার করমজা গ্রামের পাটচাষি মো. আলম বলেন, গত বারের চেয়ে এবার মণে ৭০০-৮০০ টাকা বেশি খরচ হচ্ছে। তবে প্রতি মণে লাভ থাকছে।
জেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, পাবনায় ৪৫ হাজার ৫০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।
পাবনা খামারবাড়ির সহকারী পরিচালক কৃষিবিদ ড. সাইফুল আলম জানান, খরা পরিস্থিতির কারণে শুরুতে কৃষকেরা পাট জাগ দিতে সমস্যায় পড়েছে। তবে গত কয়েক দিন বৃষ্টি হওয়ায় এখন অনেকে জমির কাছেই পাট জাগ দিতে পারছেন। এবার পাটের ফলন কিছুটা কম হলেও কৃষকেরা ভালো দাম পাচ্ছেন।
