২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার কথা স্মৃতিচারণ করে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু বলেছেন, ‘অনেকগুলো স্প্লিন্টার শরীরে ঢুকেছিলো, কিন্তু এখনও তা ভেতরেই রয়ে গেছে। যেটা শরীরের মধ্যে এখনও বয়ে বেড়িয়েই রাজনীতির পথ চলছি, মাঝেমধ্যে যন্ত্রণায় কাতরাতে হয়। ২১ আগস্টের গ্রেনেড হামলার স্প্লিন্টার এখনও শরীরে বয়ে বেড়াচ্ছি।’
সোমবার (২২ আগস্ট) শরীয়তপুরের জাজিরা উপজেলার মুলনা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলার আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা বলেন, ২১ আগস্টের বিভীষিকাময় ঘটনা মনে করে এখনো রাতে ঘুম ভেঙে যায়। সেদিন সহযোদ্ধা বন্ধু সেন্টু আমাদের চোখের সামনেই প্রাণ হারান, আমিও মারা যেতে পারতাম। সেদিন অলৌকিকভাবে বেঁচে ফিরে এসেছি।
এসময় জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী শিকদার এবং জাজিরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার জি এম নুরুল হক, জাজিরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদারসহ আওয়ামী লীগের স্থানীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
